মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
২৭ অক্টোবর, ২০২৬
আগামী দিনের যেকোনো জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে এমপি মিলন বলেন, ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনেককেই মাঠে দেখা যায়নি। কিন্তু বিকেল ৩টার পর লুটপাটের রাজত্ব কায়েম করার জন্য অনেকেই রাস্তায় নেমেছিল।
সুযোগসন্ধানীদের সমালোচনা করে তিনি আরও বলেন, যারা আগে আওয়ামী লীগ করত, তারা এখন আমাদের দলের লোক সাজার চেষ্টা করছে। পুলিশের কাছে গিয়ে জামায়াতে ইসলামী বা অন্য দলের পরিচয় দেওয়া মামার বাড়ির আবদার।
পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টার তীব্র সমালোচনা করে প্রধান অতিথি বলেন, "একটি গোষ্ঠী শেখ হাসিনা ও তার দোসরদের বগলের নিচে বা পাঞ্জাবির পকেটে লুকিয়ে রক্ষার চেষ্টা করছে। কিন্তু এই অপচেষ্টা ব্যর্থ হবে, কারণ জনগণ ইতোমধ্যেই তাদের 'জাতীয় বেইমান' ও 'মুনাফেক' হিসেবে চিহ্নিত করেছে।
রাজশাহীতে এমন সুশৃঙ্খল একটি কর্মসূচির উপহার দেওয়ার জন্য তিনি রাজশাহী মহানগর যুবদলকে ধন্যবাদ জানান। এছাড়া দলের প্রবীণ ও অসুস্থ নেতা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এমপি মিলন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর হাসপাতালের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ডের সর্বস্তরের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩