"একটি গাছই ভবিষ্যতের বীমা, একটি বড় বিনিয়োগ"—ঝিনাইগাতীতে বৃক্ষরোপণে (ইউএনও) আল-আমীনের আহবান
মিজানুর রহমান,ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। তিনি বলেন, "পুকুরপাড়, সীমানা প্রাচীর, ক্ষেতের আইল কিংবা বাড়ির আশপাশের অব্যবহৃত জায়গায় সুপারি, নারিকেলসহ বিভিন্ন অর্থকরী গাছ লাগান। এতে যেমন পরিবেশ সবুজ হবে, তেমনি ভবিষ্যতে আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে। সর্বোপরি একটি গাছ হলো ভবিষ্যতের বীমা, একটি বড় বিনিয়োগ।" ঝিনাইগাতী উপজেলা পরিষদের পুরাতন ভবনের পুকুরপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলামও বৃক্ষরোপণে অংশ নেন এবং সবুজায়নের এই উদ্যোগকে সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।(ইউএনও) আল-আমীন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ বা ছায়া প্রদানই করে না, বরং মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি আরও বলেন, অনেকেই পুকুরপাড়, ক্ষেতের আইল, সীমানা প্রাচীরের পাশ কিংবা বাড়ির আশপাশের খালি জায়গা অব্যবহৃত ফেলে রাখেন। অথচ এসব স্থানে সুপারি, নারিকেলসহ বিভিন্ন ফলজ ও অর্থকরী গাছ রোপণ করলে একদিকে যেমন পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে ভবিষ্যতে তা পরিবারের জন্য একটি মূল্যবান সম্পদে পরিণত হবে। তাই প্রত্যেক পরিবারকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে।এ সময় উপস্থিতরা পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানো এবং প্রতিটি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩