
সুনামগঞ্জের হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪১.১৮ শতাংশ, যা সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে সর্বনিম্ন। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, গত দেড় যুগের মধ্যে তাহিরপুর উপজেলায় এবারই সবচেয়ে কম পাসের হার দেখা গেছে।
চলতি বছর উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ১৮টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেনি। একই সঙ্গে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে। এমন ফলাফলে শিক্ষানুরাগী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, চলতি বছর মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধীনে তাহিরপুর উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫০০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫৫ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৪১.১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন।
অন্যদিকে মাদরাসা পর্যায়ে উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে ২৫২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১২ জন। পাসের হার ৪৫.০৬ শতাংশ। এ পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে আইডিয়াল ভিশন একাডেমি। প্রতিষ্ঠানটির ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮০.৫৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অন্যদিকে মাত্র ১১.১১ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার সর্বনিম্ন ফলাফল করেছে আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৫ জন।
উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়-এর ফলাফলও আশানুরূপ হয়নি। প্রতিষ্ঠানটির ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ জন। পাসের হার ৩৮.৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আনোয়ার খান বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের বেশিরভাগই ইংরেজি বিষয়ে খারাপ ফল করেছে। গত বছরের সেপ্টেম্বরে বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগ পাওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান বলেন, হাওরবেষ্টিত তাহিরপুরে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এবং অভিভাবকদের সচেতনতার অভাব—সবকিছু মিলিয়েই এবার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩