
বিশেষ প্রতিনিধি:
সবুজে ঘেরা রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কলেজটির হিসাববিজ্ঞান বিভাগ। ‘হিসাবের বন্ধনে, সবুজের স্পন্দন’ প্রতিপাদ্য ও স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে রয়েছে ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আগাছা দমন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে অংশ নেন। কর্মসূচিটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকেই হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হাতে গ্লাভস, বস্তা ও প্রয়োজনীয় পরিষ্কারকরণ সরঞ্জাম নিয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন, সংলগ্ন চত্বর ও চলাচলের রাস্তার চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে নেমে পড়েন। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশের ইতিবাচক ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ আরও বাড়াতে ক্যাম্পাস চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।
বিভাগীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং নিজেদের প্রিয় বিদ্যাপীঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সাধারণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে যুক্ত করতেই তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচি চলাকালে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগকে প্রতিনিয়ত অব্যাহত রাখার আহ্বান জানান। আগামী ৫ সেপ্টেম্বর সমাপনী ও প্রীতি চারা বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩