
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি ও অবৈধভাবে পণ্য কেনাবেচা বন্ধে নিরাপত্তা কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় বন্দর এলাকার নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে আলোচনা হয়। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ৪২টি শিপিং এজেন্ট কোম্পানি, কেএএফসিও (KAFCO), সিইউএফএল (CUFL), পিসিটি (PCT), আরএসজিটি (RSGT) ও বিএসএএ (BSAA)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। বন্দরের জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি, চোরাচালান এবং অবৈধভাবে পণ্য কেনাবেচা প্রতিরোধে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে চুরির ১০টি ঘটনা ঘটে। ২০২৫ সালে এ সংখ্যা কমে চারটিতে দাঁড়ায়। ২০২৬ সালেও এখন পর্যন্ত এ সংখ্যা চারটিতে অপরিবর্তিত রয়েছে।
কোস্ট গার্ড জানায়, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ নৌবাণিজ্য বজায় রাখতে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩