
আদালতের নির্দেশে গ্রেনেড ধ্বংস, পলাতকদের বিরুদ্ধে মামলা
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ২২ নভেম্বর প্রকাশিত এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে অভিযান চালায়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) ও অজ্ঞাতনামা তিন থেকে চারজন একটি ইজিবাইকের পেছনে সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া ইজিবাইকটিও জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের নির্দেশনা নিয়ে ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোমা ডিসপোজাল টিমের মাধ্যমে সেগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করা হয়। এ কার্যক্রম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সম্পন্ন হয়।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩