ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ
মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির আঙিনা, ড্রেন, নর্দমা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার বংশবিস্তারের প্রধান স্থান।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন বলেন, “নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুমুক্ত ঝিনাইগাতী গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।
“পরিচ্ছন্ন থাকি, সুস্থ থাকি—ডেঙ্গুমুক্ত ঝিনাইগাতী গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩