
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটকের পর রবিবার (১ নভেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটের দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এমন আচরণ করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩