
ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:একবার নয়, বারবার চেষ্টা। কখনো ভাইভা পর্যন্ত গিয়ে থেমে যাওয়া, কখনো লিখিত পরীক্ষায় ব্যর্থতা—তবুও দমে যাননি। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও নিজের লক্ষ্যে অটুট থেকে অবশেষে সাফল্যের দেখা পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সন্তান মো. তাওহীদুল ইসলাম সোহেল। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (প্রশাসন) হিসেবে কর্মরত।
শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া গ্রামের সন্তান তাওহীদুল ইসলাম সোহেল। তার বাবা মো. হাবিল উদ্দিন মন্ডল এবং মা মোছা. রাশেদা বেগম। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ প্রতিষ্ঠিত কর্মজীবনে জায়গা করে নিয়েছেন।
শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর
তিনানী ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করেন তাওহীদুল ইসলাম। এরপর ২০১০ সালে ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১২ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করেন।
পরবর্তীতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলেও ঢাকায় থাকার কারণে সেখানে ভর্তি হননি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধা তালিকায় স্থান অর্জন করেছিলেন।
একের পর এক ভাইভা, তবুও থামেননি
চাকরির প্রস্তুতিতে তাওহীদুল ইসলামকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ও কঠিন পথ। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ আর্মির অফিসার শিক্ষা কোর, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তিনবার ভাইভা পরীক্ষায় অংশ নেন।
এছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিলেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি। ইসলামী ব্যাংকে চাকরির সুযোগও পেয়েছিলেন তিনি। তবে সেখানে শেষ পর্যন্ত যোগদান করেননি।
বারবার সুযোগের খুব কাছে গিয়েও থেমে না গিয়ে নিজের প্রস্তুতি ও প্রচেষ্টা অব্যাহত রাখেন তিনি। অবশেষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (প্রশাসন) পদে চাকরি অর্জনের মধ্য দিয়ে তার দীর্ঘ পরিশ্রমের সফল পরিণতি ঘটে।
ব্যর্থতা নয়, প্রতিটি অভিজ্ঞতাই ছিল সাফল্যের প্রস্তুতি
তাওহীদুল ইসলাম সোহেলের জীবনকাহিনি তরুণদের জন্য একটি অনুপ্রেরণার গল্প। একাধিক পরীক্ষায় ব্যর্থতা তাকে থামিয়ে দেয়নি; বরং প্রতিটি ব্যর্থতাকে তিনি পরবর্তী সাফল্যের প্রস্তুতি হিসেবে নিয়েছেন।
তার এই অর্জন প্রমাণ করে, সাফল্যের পথ সবসময় মসৃণ হয় না। বারবার ব্যর্থতার পরও যে মানুষ চেষ্টা চালিয়ে যেতে পারেন, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।
শ্রীবরদীর উপজেলার প্রত্যন্ত গ্রামের সন্তান তাওহীদুল ইসলাম সোহেলের এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
তরুণদের প্রতি তার পথচলার বার্তা একটাই—‘ব্যর্থতায় থেমে নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩