
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি (৪০ টন) সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩