মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ চত্বরে অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
উদ্বোধন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও প্রাথমিক চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।
অ্যাম্বুলেন্স দুটি উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, নতুন অ্যাম্বুলেন্স সংযোজনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া এবং চিকিৎসাসেবা প্রদানের কার্যক্রম আরও গতিশীল হলো।
তিনি বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রের সেবার মান আরও উন্নত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জরুরি চিকিৎসাসেবা সম্প্রসারণ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান ও নার্স নিয়োগের উদ্যোগ রয়েছে।
উপাচার্য আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ সুবিধা চালু করা সম্ভব হলে জরুরি ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবায় বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা আরও বাড়বে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩