মো: ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাব্বির মোল্লা (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবু মোল্লা ওরফে ইয়াবা বাবু, মেহেদী, রাসেল ডিলার রাসেলসহ আটজনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাঙ্গীর দাড়িকাবরটেক এলাকায় আয়নাল ভূঁইয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা দা, চাপাতি, চাকু, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর পথরোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় সাব্বিরের বাম হাত, বুকের বাঁ পাশ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর মামাতো ভাইয়ের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগী।
অভিযোগে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সাব্বির মোল্লা।
তবে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এবং অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩