সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করায় নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।
এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪-এর এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করেন। পরে খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা। ক্যাম্প-২৪ এলাকায় অবস্থানের কারণ জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে এপিবিএন সূত্রে জানা গেছে।
পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩