
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে রবিবার (৫ জুলাই) দুপুরে শান্তিপুর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সচেতন নাগরিক ও শান্তিপুর নদীর তীরবর্তী বাসিন্দাদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই অবিলম্বে এ অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এক আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সব নৌকা সরিয়ে নিতে হবে। এরপরও কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিষয়টি প্রশাসনকে জানাবেন। আমার কোনো আত্মীয়-স্বজন কিংবা দলের কোনো নেতাকর্মী যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।”
তিনি আরও বলেন, শান্তিপুর নদী রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে জমির মালিক ও নৌকার মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় বক্তারা আরও বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক ও বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন এবং ৪নং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪নং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার।
সভা শেষে উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীরা শান্তিপুর নদী রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩