
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সম্ভাব্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন,বড়ছরা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল কাদির।
প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, জনগণের সেবা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ৩নং ওয়ার্ডের লাকমা, ট্যাকেরঘাট, বড়ছরা ও বরুঙ্গাছড়া গ্রামের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের কাঁচা সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
মো:আব্দুল কাদির বলেন, “আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করব। একজন সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি, কর্মসংস্থান, যুব উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর ৩নং ওয়ার্ডজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ বাড়াচ্ছেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। তারা আশা করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দল-মতের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩