
আবু মুসা,
নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সাত সদস্যবিশিষ্ট আন্দোলন সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।
সংগঠনটির চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো. খায়রুল আলম রফিককে সভাপতি করে প্রস্তাবিত এ কমিটিতে আরও ছয়জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, সাংবাদিক মাহমুদুল হাসান রিয়াদ, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, সাংবাদিক জামাল উদ্দিন খান, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সাংবাদিক সায়লা আপরোজ চৌধুরী।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে।
কমিটির অন্যতম দায়িত্ব হবে নেত্রকোনার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন, হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জোরালো করা।
এ ছাড়া হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও সম্ভাব্য পরিকল্পনাকারীদের শনাক্তের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় আইনগত সহায়তার উদ্যোগ নেওয়া এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়েও কাজ করবে কমিটি।
সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা শুধু একটি পরিবারের দাবি নয়; এটি দেশের সমগ্র সাংবাদিক সমাজের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত।”
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ জানিয়েছে, মামলার নিরপেক্ষ তদন্ত, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩