মোঃ তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:- পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য একটি গুরুতর হুমকি।
তারা অবিলম্বে মামলায় অন্তর্ভুক্ত তিন সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার দাবি করা হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের আগে পেশাগত পরিচয় যাচাই এবং প্রাথমিক তদন্ত নিশ্চিত করতে কার্যকর নির্দেশনা জারির আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সংকটকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময়ও শেরপুরের সাংবাদিকরা নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ বর্তমানে সেই সাংবাদিকদের বিরুদ্ধেই হত্যা চেষ্টার মতো গুরুতর ও সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পরিচয় গোপন করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে। এ ধরনের ঘটনা চলতে থাকলে স্বাধীন সাংবাদিকতা চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে তারা সতর্ক করেন।
প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এবং অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩