তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
গতকাল (৮ এপ্রিল) দুপুরে পীরগঞ্জের জামতলাস্থ সেন্টারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি,রংপুর এর সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান ও জনতা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জনাব লতিফা খানম প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান জনাবা লতিফা খানম সহ অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামতলা মাদ্রাসার (আল-জামিয়াতুল মদিনাতুল উলুম) মুহতামিম জনাব মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর এর সভাপতি এবং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডাঃ ওয়াজিহাতুল নাঈম নকশী।
সভাপতির বক্তব্যে ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু বলেন, “আমরা পীরগঞ্জবাসীকে অত্যন্ত সুলভ মূল্যে আধুনিক ও নির্ভুল রোগ নির্ণয় সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক ডিজিটাল ল্যাব ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ব্যবস্থা থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।