কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে লগি-বইঠা হাতে নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সোনামুখি বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি সুসংগঠিত দল লগি-বইঠা হাতে নিয়ে বাজার এলাকায় মিছিল করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং কিছুক্ষণ বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
স্থানীয় সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলের কারণে বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে মিছিল শেষে অংশগ্রহণকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।