আমি একজন শিক্ষক হিসেবে মনে করি, শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ কিংবা শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, নিরপেক্ষ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা গণমাধ্যমের দায়িত্ব।
কিন্তু দুঃখজনকভাবে, প্রকাশিত সংবাদে আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নিরপেক্ষভাবে যাচাই না করে একতরফাভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমার ধারণা।
একটি কুচক্রী মহলের প্ররোচনায় প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশের ফলে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিনের অর্জিত সুনাম ও মর্যাদা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ করছি, ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানাচ্ছি।
মো. আব্দুল আলিম লেমন
সহকারী শিক্ষক
জয়চণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
নীলফামারী সদর, নীলফামারী।