মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শনিবার (১৩ জুন ২০২৬) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার করা হয় রাজশাহী মহানগরীর পবা থানার মধ্যপুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. হাসেম আলী (৬০)-কে।
পুলিশ জানায়, হাসেম আলীর দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৮ বোতলে মোট ৩২ হাজার ৪০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আরএমপি জানিয়েছে, মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।