আসন্ন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সবুজ আলম।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজারে আয়োজিত এক চা-চক্র অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
হাজী সবুজ আলম মরহুম হাজী এম.এ. জাহেরের পুত্র। তিনি বড়ছরা কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রার্থিতা ঘোষণাকালে তিনি বলেন, “আমি কখনো জনগণের শাসক হতে চাইনি, বরং জনগণের সেবক হিসেবেই কাজ করতে চেয়েছি। ইউনিয়নবাসীর সুখ-দুঃখে অতীতেও পাশে ছিলাম, এখনও আছি। মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজী সবুজ আলমের অবদানের কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাঁর জন্য শুভকামনা জানান।