মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮), রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১), বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী (২৮) এবং পবা থানার সম্রাট (৪১)। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ ও ২৬ জুন ২০২৬ তারিখে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা, ২টি পেনাল কোড মামলা এবং ১টি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত রাখতে আরএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।