ক্রিকেট মাঠ থেকে প্রশাসনের অঙ্গনে: ৪৭তম বিসিএসে মেধাক্রম ৯১তম হয়ে ক্যাডার আমিন খানের অনন্য সাফল্য
মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:খুলনার সোনাডাঙ্গার কৃতী সন্তান মো. আমিন খান ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রথম পছন্দের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে মেধাক্রমে ৯১তম স্থান অর্জন করেছেন। ক্রিকেট মাঠে নেতৃত্ব ও সাফল্যের পর এবার প্রশাসনিক ক্যারিয়ারে উজ্জ্বল অর্জনের মাধ্যমে তিনি নতুন এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
শৈশব থেকেই পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই ছিলেন সমান মনোযোগী। খুলনা জিলা স্কুল থেকে জেএসসি ও ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ বৃত্তি অর্জন করেন। এরপর সরকারি এম. এম. সিটি কলেজ থেকে ২০১৫ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে এবং মার্কেটিং বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
ক্রিকেট ছিল তার স্বপ্ন ও ভালোবাসার অন্যতম জায়গা। একসময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ পর্যায়ে খুলনা বিভাগের হয়ে নিয়মিত খেলেছেন। এছাড়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে টানা তিন বছর অংশ নিয়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি নেতৃত্বের গুণে ছিলেন অনন্য। খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
শুধু খেলাধুলা নয়, সহশিক্ষা কার্যক্রমেও ছিলেন অত্যন্ত সক্রিয়। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি কৃষ্টি, বাঁধন, KUPS এবং Khulna University Model United Nations (KUMUN)-এর বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব কার্যক্রম তার নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সরকারি চাকরির প্রতি তার আগ্রহের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। তার বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা এবং মা একজন গৃহিণী। বাবার সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতা ও সেবামূলক মানসিকতা তাকে প্রশাসনে কাজ করার স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ৪৭তম বিসিএসে প্রথম পছন্দের ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে।
নিজের এই অর্জনের জন্য তিনি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাবা-মা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্বাস করেন, অধ্যবসায়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
মো. আমিন খানের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, খুলনাবাসীর জন্যও গর্বের। ক্রিকেট মাঠের লড়াকু অধিনায়ক থেকে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হওয়ার এই যাত্রা নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।