যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬ নং হাতীবান্ধা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘাগড়া পুটল পাড়া গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের প্রধান সড়ক তেতুলতলা বাজার থেকে ভেদুর মোড় হয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা আজও কাঁচা। যুগের পর যুগ ধরে এই সড়কের কোনো স্থায়ী উন্নয়ন না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা হাঁটুসমান পানিতে তলিয়ে যায় এবং কাদায় পিচ্ছিল হয়ে পড়ে। ফলে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হয়।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ ও বয়স্ক মানুষ। বর্ষাকালে কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতিও থাকে না। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় রোগীকে কাঁধে করে বা বিকল্প উপায়ে মূল সড়কে পৌঁছে দিতে হয়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, যানবাহন চলাচল তো দূরের কথা, এই রাস্তায় হেঁটে চলাও যেন প্রতিদিনের এক কঠিন যুদ্ধ। বছরের পর বছর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
ঘাগড়া পুটল পাড়া গ্রামের বাসিন্দাদের দাবি, তেতুলতলা বাজার থেকে ভেদুর মোড় হয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকাকরণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হোক। এতে এলাকার শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।