নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ সিপিসি-২ -এর নাটোর ক্যাম্প।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ৬ নম্বর চাপিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সাধুপাড়া গ্রামে আব্দুল্লাহর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উত্তরমুখী দোচালা টিনশেড ঘরের মেঝে থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ সাধুপাড়া গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে। র্যাবের দাবি, তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৫।
র্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।