রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে সাড়াজাগানো মাছ ধরার প্রতিযোগিতা: ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার জিতলেন আসাদুল রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান টেকনাফে ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর উখিয়া থেকে উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার দৃশ্যের বিচার, নাকি সত্যের অনুসন্ধান? দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে -মঞ্জু তুরাগ থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান

দৈনিক সোনালী সময় / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা, দুর্গাপূজায় নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের উদ্যোগ
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, সিসি ক্যামেরা স্থাপন ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করাই সবার লক্ষ্য। পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ প্রতিটি মণ্ডপে ওয়াইফাই সংযোগের দাবি জানান। এ সময় রাসিক প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
সভামঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এবং এসআরবি-৫-এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও বিসর্জনঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আশপাশের সড়ক মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি মণ্ডপ কমিটিকে নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়। বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সরঞ্জামসহ ডুবুরি দল মোতায়েন এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
৮৫টি পূজামণ্ডপে অনুদান
রাজশাহী মহানগরীর ভেড়ীপাড়া, বুলনপুর, লক্ষ্মীপুর, শ্রীরামপুর, চণ্ডীপুর, কাদিরগঞ্জ, রাজারহাতা, হেতমখাঁ, শেখপাড়া, গণকপাড়া, ঘোষপাড়া, কুমারপাড়া, ফুদকিপাড়া, মালোপাড়া, রানীবাজার, সাহেববাজার, ষষ্ঠীতলা, রেলগেট, সপুরা, নওদাপাড়া, মথুরডাঙ্গা, সুজানগর, রেশমপট্টি, বেলদারপাড়া, সুলতানাবাদ, ঘোড়ামারা, আলুপট্টি, বোয়ালিয়াপাড়া, সাগরপাড়া, সেখেরচক, বোসপাড়া, তালাইমারী, রামচন্দ্রপুর, পদ্মা আবাসিক এলাকা, মেহেরচণ্ডী, কাজলা, ডাঁশমারী, খোজাপুর, মির্জাপুর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিভিন্ন পূজামণ্ডপসহ মোট ৮৫টি মণ্ডপে এ অনুদান দেওয়া হয়েছে।
রাসিকের এ উদ্যোগে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সহায়তা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর