এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’- এ প্রতিপাদ্যকেব সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস নাগেশ্বরীর স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয়। বর্তমানে বিশ্বজুড়ে মানবসৃষ্ট দুর্যোগের ভয়াবহতাও বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে।
বিশেষ করে শিশু-কিশোরদের দুর্যোগ সম্পর্কে সচেতন ও প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা সহ যে কোন দুর্যোগের প্রাথমিক পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সক্ষম হতে হবে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যবৃন্দ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে মহড়া প্রদর্শন করেন।