স্মৃতি আজাদ: সংস্কৃতি, মানবাধিকার ও কমিউনিটির এক নিরলস কণ্ঠ
লেখক: ড. আজিজুল আম্বিয়া
কলাম লেখক ও গবেষক
লন্ডনের ব্ল্যাকওয়াল অ্যান্ড কিউবিট টাউন আজ এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে। দ্রুত পরিবর্তনশীল এই নগরজীবনে এমন একজন প্রতিনিধির প্রয়োজন, যিনি শুধু রাজনীতির ভাষা বোঝেন না, বরং মানুষের জীবন, সংস্কৃতি এবং সংগ্রামের বাস্তবতাও গভীরভাবে উপলব্ধি করেন। সেই প্রেক্ষাপটে স্মৃতি আজাদ একটি পরিচিত, বিশ্বস্ত এবং পরীক্ষিত নাম। বাংলাদেশের
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লালপুর গ্রামের, বীর মুক্তিযোদ্ধা জনাব রশীদ ঢালী সাহেবের কনিষ্ঠ কন্যা তিন দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাসরত স্মৃতি আজাদ একজন নিবেদিত সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী ও মানবাধিকারকর্মী। তাঁর পথচলা শুরু হয়েছিল বাংলাদেশে, যেখানে তিনি ছোটবেলা থেকেই নাটক, আবৃত্তি, সংগীত এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পারিবারিক মূল্যবোধও ছিল দেশপ্রেম ও ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত—যা তাঁর চিন্তা ও কাজের ভিত গড়ে দেয়।
১৯৯৫ সালে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর তিনি দ্রুতই উপলব্ধি করেন যে, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী সাংস্কৃতিক ও সামাজিক প্ল্যাটফর্মের প্রয়োজন। সেই চিন্তা থেকেই ২০১২ সালে প্রতিষ্ঠা করেন “Docklands Theatre & Performing Arts”—যা আজ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে সৃজনশীলতা, পরিচয় এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি কেন্দ্র।
একজন নাট্যশিল্পী ও সংগঠক হিসেবে তিনি এমন সব কাজ করেছেন, যা প্রবাসী জীবনের গল্প, অভিবাসী মানুষের সংগ্রাম এবং অবহেলিত কণ্ঠগুলোকে সামনে নিয়ে আসে। একইসঙ্গে তিনি একজন সুপরিচিত আবৃত্তিকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন রেডিও, টেলিভিশন এবং কমিউনিটি প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রেখেছেন।
স্মৃতি আজাদের কাজ শুধুমাত্র সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটি (যুক্তরাজ্য শাখা)-এর সহ-সভাপতি এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৫ বছর ধরে তিনি বাংলাদেশ বইমেলার মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে যুক্ত, যা কমিউনিটিকে একত্রিত করার একটি অনন্য উদ্যোগ।
রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন নিবেদিত সদস্য হিসেবে পপলার অ্যান্ড লাইমহাউস এলাকায় জি.সি সদস্য এবং ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন শাখার নারী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন। মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযোগ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সমস্যার গভীর বোঝাপড়া তাঁকে একজন কার্যকর জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুত করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি ব্ল্যাকওয়াল অ্যান্ড কিউবিট টাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সঙ্গে একই প্যানেলে রয়েছেন মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থী Alex Stanly ও Anwar Punekar।
স্মৃতি আজাদের প্রতিশ্রুতি স্পষ্ট—সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান, নারী ও তরুণদের ক্ষমতায়ন, এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কমিউনিটি গড়ে তোলা। তিনি এমন একজন প্রতিনিধির প্রতিশ্রুতি দেন, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকবেন—দৃশ্যমান, সহজলভ্য এবং দায়িত্বশীল।
আজকের এই সময়ে আমাদের প্রয়োজন এমন নেতৃত্ব, যা অভিজ্ঞতা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে। স্মৃতি আজাদ সেই সম্ভাবনার একটি শক্তিশালী প্রতিচ্ছবি।
আগামী ৭ই মে, আপনার ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করবে না—এটি নির্ধারণ করবে আপনার কমিউনিটির ভবিষ্যৎ দিকনির্দেশনা।
একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং মানবিক কমিউনিটি গড়ে তুলতে স্মৃতি আজাদের পাশে থাকা সময়ের দাবি।
🌹 পরিবর্তনের পক্ষে ভোট দিন।