ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাফার গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। তিনি গোডাউনটি পরিদর্শন করে সার ও কৃষি উপকরণের মজুত, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোডাউনে সংরক্ষিত সারের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং ডিলারদের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সার সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্টক রেজিস্টারে উল্লেখিত মজুতের সঙ্গে বাস্তব মজুতের সামঞ্জস্য যাচাই করেন এবং ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, বিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোডাউন ইনচার্জ মোহাম্মদ আদিলুজ্জামান,সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে কৃষকদের জন্য সার সরবরাহ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।