আবু মুসা,
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় কাভার্ড ভ্যানের পেছনের সিট কাভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলাম (৩৬) কে আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে তিনজনকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। পরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবি জানায়, দুটি অভিযানে সর্বমোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে টেকনাফ ও উখিয়া এলাকায় অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।