দুর্গোৎসব উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী। তিনি আগামী শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য পদপ্রার্থী।
সোমবার রাতে তিনি শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনের পাশাপাশি তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় উৎসবের অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।
এসময় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি খলিল তালুকদার, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ফেরদৌস আলম আখঞ্জী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান কাল ধরে আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করে আসছি। আগামীতেও এই সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা বজায় থাকবে। এলাকার শান্তি, প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আমি সবসময় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিকে সম্ভাব্য এই চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতি ও আর্থিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা।