চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নয়টি মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি আব্দুল মাবুদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগমের ছেলে।
এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মাবুদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে নয়টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।