কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চুরি যাওয়া একটি সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের বি/০৩ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, একই ক্যাম্পের বাসিন্দা মো. আয়ুব (২৭) বৃহস্পতিবার সকালে অভিযোগ করেন, গত ১৫ অক্টোবর রাত ১০টার দিকে তাঁর বসতঘর থেকে ১২ ভোল্টের একটি দেশ শক্তি সোলার ব্যাটারি চুরি হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসমাইল (১৯), মো. এনাম (২৯) ও মো. ফয়সালকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ৮২, তারিখ ২২ অক্টোবর ২০২৬। পেনাল কোডের ৩৮০/৩৪ ধারায় করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।