সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ওই ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) ও মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের (২৫)।২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার একটি চুরি মামলার তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটকের উদ্যোগ নেওয়া হয়। পরে ক্যাম্পের এ/০২ ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল চলাকালে দুজনকে আটক করা হয়।আটকের পর তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় গত ১৭ সেপ্টেম্বর দায়ের করা ৭৯ নম্বর মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় নথিভুক্ত। তবে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না।