মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সচিব পদমর্যাদায় এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ কার্যকর হওয়ার আগে তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তিনি যোগদানের তারিখ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন।

এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বরেন্দ্র অঞ্চলের সেচ ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিএমডিএ। নতুন চেয়ারম্যান হিসেবে তুহিনের নিয়োগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।