মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায় থানার তালিকাভুক্ত এক মাদক কারবারির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সভায় উপস্থিত স্থানীয় আইনজীবী মো. রবিউল ইসলাম ওই ব্যক্তির উপস্থিতির প্রতিবাদ জানালে সেখানে সাময়িক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, তিনি গোদাগাড়ী থানার তালিকাভুক্ত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সভা চলাকালে আইনজীবী মো. রবিউল ইসলাম বিষয়টি তুলে ধরে বলেন, এখানে একজন কুখ্যাত মাদক কারবারি উপস্থিত রয়েছেন। মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভায় এমন ব্যক্তির উপস্থিতি দুঃখজনক এবং এটি ভুল বার্তা দিতে পারে।
এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর আলমকে সভায় আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজের ইচ্ছায় সেখানে উপস্থিত হয়েছেন। পুলিশ আরও জানায়, তাঁর উপস্থিতি আয়োজকদের পূর্বপরিকল্পিত ছিল না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, মাদকবিরোধী কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এ ধরনের বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন।