সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ১নং শ্রপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি পশ্চিমপাড়া এলাকায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
মঙ্গলবার (২৩ই জুন ) বিকেল সাড়ে ৫টার দিকে জঙ্গলবাড়ি পশ্চিমপাড়ার চাঁন মিয়ার দোকানের পাশের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের সময় ৩৮ পিস ইয়াবাসহ লোকমান মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা শাহ আলম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লোকমান মিয়াকে ৩৮ পিস ইয়াবাসহ পুলিশ হেফাজতে নেন।
স্থানীয়দের অভিযোগ, শাহ আলম মিয়া এর আগেও মাদক সংক্রান্ত মামলায় কারাভোগ করেছেন। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।