কক্সবাজারের টেকনাফে ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাদিমুড়া এলাকায় ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ক্যাম্প-২৭-এর এ/৩ ব্লক ও জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহিঙ্গা ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) এবং হ্নীলা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা তৌহিদ (২২)।
পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প-২৭-এর এ/৩ ব্লকে অভিযান চালিয়ে ছোনা মেহের ও জামাল হোছাইনকে তাঁদের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লক থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, ছোনা মেহের ও জামাল হোছাইন টেকনাফ থানার ২০২৫ সালের ৫ মার্চের ৯ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩১৩/৩৪ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে, তৌহিদ টেকনাফের জিআর মামলা নম্বর ১৭৭/২০২৩-এর আসামি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।