সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল আলী মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।