নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পরিবেশের উন্নয়নে এসএসএস-এর বাস্তবায়নে এবং পিকেএসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার বিকেলে উপজেলার এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। এসএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মানজুরা মুশাররফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী জনাব কাজী নূরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বলেন, “বরেন্দ্র এলাকার জন্য খাল পুনঃখনন একটি অতীব জনগুরুত্বপূর্ণ কাজ। খালের গভীরতা বৃদ্ধি পেলে পানি প্রবাহ সচল থাকে এবং বিপুল পরিমাণ পানি মজুদ রাখা সম্ভব হয়। এতে খরা মৌসুমে রবি শস্য চাষে কৃষকরা সহজে ও স্বল্প খরচে সেচ সুবিধা পাবেন, যা আমাদের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এসএসএস-এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে জনাব সন্তোষ চন্দ্র পাল জানান, এসএসএস বর্তমানে সারা দেশে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পঞ্চম অবস্থানে রয়েছে। ‘ECCCP-Drought Project’-এর আওতায় মহাদেবপুর উপজেলায় খাল ও পুকুর পুনঃখনন, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (MAR), কৃষি প্রশিক্ষণ, তিন স্তর বিশিষ্ট সবজি মাঁচা প্রদান এবং ভার্মি কম্পোস্ট উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন এসএসএস নওগাঁর এরিয়া ম্যানেজার মোঃ তাজুল ইসলাম ও মহাদেবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সুমন চন্দ্র রায়। এছাড়া ECCCP-Drought প্রকল্পের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের ফলে অত্র এলাকার কৃষি ও জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসবে।