শেরপুরের ঝিনাইগাতিতে মধ্যবর্তী স্থানে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ ১৪ জুন সকালে ঝিনাইগাতী উপজেলার সম্মুখে কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন,ইউনিয়ন পরিষদ ভবনটি যদি ইউনিয়নের কেন্দ্রীয় বা মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়, তাহলে ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষ সহজে সরকারি ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা বলেন, বর্তমান প্রস্তাবিত স্থান ইউনিয়নের একাংশের মানুষের জন্য সুবিধাজনক হলেও অধিকাংশ বাসিন্দার জন্য যাতায়াতে ভোগান্তির কারণ হবে। তাই জনগণের স্বার্থ বিবেচনা করে এমন একটি স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা উচিত, যা ইউনিয়নের সকল এলাকার মানুষের জন্য সমানভাবে সহজলভ্য হয়।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।