জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, দুই মাদক কারবারী আটক
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:মোঃ ইলিয়াস শাহ।
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় দুই মাদক কারবারীকে আটক করা হয়।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৭২ সীমান্ত পিলারের বালিয়ামারী বাজার খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করেন বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা।
অভিযানকালে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৯০০ টাকা। এসময় মাদক কারবারে জড়িত কফিল উদ্দিন (১৮) ও সুমন মিয়াকে (১৬) আটক করা হয়।
শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।