নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন
শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের উত্তর সাইটুলা যুব কমিটির উদ্যোগে আয়োজিত ‘নাইট মিড-বার ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় সিন্দুরখান উত্তর সাইটুলা চৌমুহনী মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই ক্রীড়া উৎসবকে ঘিরে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল (বাইক) তুলে দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণ সমাজ সঠিক পথে এগিয়ে যেতে চায়। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “৯নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শাহজাহান আহমেদ আমার ছোট ভাই। তিনি ইতোমধ্যে বড় দুটি ক্রীড়া আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন। আগের খেলায়ও আমি উপস্থিত ছিলাম, আজকের এই জমজমাট আয়োজনেও এসে অত্যন্ত আনন্দিত। এত বড় আয়োজন দেখে বোঝা যায়, এই এলাকার মানুষ খেলাপ্রেমী এবং খেলাধুলার প্রতি তাদের গভীর আগ্রহ রয়েছে।
এই খেলার দর্শক ও আয়োজকদের আমি আমার পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি আশা করি, আমার ছোট ভাই মোঃ শাহজাহান আহমেদ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবেন। এই এলাকার মাঠটি ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে এখানে একটি উন্নত খেলার মাঠ নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করব।
এছাড়াও, এই ক্লাবকে আমি একটি অনুদান প্রদান করব এবং প্রিয় ক্রীড়া মন্ত্রী মহোদয়ের নিকটও অনুদানের জন্য আবেদন জানাব। ইনশাআল্লাহ, আশা করি আমরা তা বাস্তবায়ন করতে পারব।”
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শাহজাহান আহমেদ। তিনি বলেন, “উত্তর সাইটুলা যুব কমিটির এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইটুলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মোঃ আরজু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মকসুদ আলী, কো-অর্ডিনেটর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঝাড়ু, ৪নং সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আরাফাত রবিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা এবং শ্রীমঙ্গল স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ।
আয়োজক উত্তর সাইটুলা যুব কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছরের মতো এবারও এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।