নিজস্ব প্রতিবেদক, রংপুর:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ব্র্যাক ব্যাংক-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় এ কর্মসূচির উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল।
কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে পাঁচ শতাধিক দুর্লভ ও মূল্যবান প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোর্শেদ আহমেদ খান, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারপারসন ও নির্বাহী কমিটির চেয়ারপারসন ফারুক মহিউদ্দিন আহমেদ, ব্র্যাক ব্যাংকের উত্তরবঙ্গ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব ফজলুল কবির, রংপুর ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক জনাব এস এম মনিরুজ্জামান, রংপুর শাখা ব্যবস্থাপক (সংযুক্তি) জনাব আবদুস সোবহান, ‘তরুপল্লব’-এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক।
পুরো আয়োজনটি সমন্বয় করেন লেখক, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও পরিবেশকর্মী জনাব রানা মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও সবুজ-সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণ ও তা সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।