রংপুর ব্যুরো চিফ: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অংশ হিসেবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পায়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জনগণ আরও প্রস্তুত ও সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।