প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর আসন্ন নির্বাচনে সহ- সাধারণ সম্পাদক পদে মেসার্স তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহলে ও তাঁর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আলী আহমদ বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। আমি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে থেকে সবসময় সাহস যুগিয়েছেন। আমি সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। ব্যবসায়ীদের যে কোনো সংকট মোকাবিলায় আমি সবসময় তাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আলী আহমদ একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীরা একটি স্বচ্ছ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী।