ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায় প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য।
দৈনিক সোনালী সময়
/ ৯৭
বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন
সম্প্রতি বান্দরবানের দুর্গম দোপানীছড়া সীমান্ত এলাকায় ৮ জন সন্দেহভাজন নাগরিককে আটকের ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ও মতামত ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। প্রকৃত ঘটনা ও আটকের প্রেক্ষাপট সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
আটককৃত ব্যক্তিদের গতিবিধি সাধারণ পর্যটক বা ট্র্যাকারদের স্বাভাবিক কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাঁরা গভীর রাতে বিজিবির দোপানীছড়া বিওপিসহ বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্প এড়িয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ঝিরিপথ ব্যবহার করে সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ১৫ গজের মধ্যে পৌঁছান। অথচ সীমান্ত এলাকায় শূন্যরেখার ১৫০ গজের মধ্যে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাঁদের এ ধরনের চলাচল প্রচলিত সীমান্ত নিরাপত্তা নির্দেশনার পরিপন্থী।
আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৩টি জিপিএস ট্র্যাকার উদ্ধার করা হয়। জিপিএস ট্র্যাকার পরীক্ষা করে দেখা যায়, এতে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, অপারেশনাল বেইস ও সীমান্ত নিরাপত্তা চৌকির সুনির্দিষ্ট অবস্থান পিন পয়েন্ট করা রয়েছে। তাদের চলাচলের ফুটপ্রিন্ট বিশ্লেষণে দেখা যায়, তাঁরা সাধারণ পর্যটক বা ট্র্যাকারদের প্রচলিত পথ অনুসরণ না করে পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে চলাচল করেছেন। তাঁদের ব্যবহৃত পথের অবস্থান ও গতিপথ তাঁদের চলাচলের উদ্দেশ্য সম্পর্কে স্বাভাবিকভাবেই গভীর সন্দেহের সৃষ্টি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ডিভাইসের বিষয়টি তাঁরা গোপন রাখার চেষ্টা করেন। তাছাড়া তাঁদের সঙ্গে কোনো স্থানীয় গাইডও ছিল না।
পরবর্তী অধিকতর তল্লাশিতে তাদের কাছ থেকে ভারতীয় রুপি উদ্ধার করা হয়, যা অধিকতর সন্দেহের জন্ম দেয়।
এত গভীর রাতে সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এ ধরনের চলাচল সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হয়। তাঁরা যাত্রার আগে বা চলাচলের সময় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তাঁদের নিরাপদ চলাচলে সর্বাত্মক সহযোগিতা করা হতো। তাঁদের অনিরাপদ ও সন্দেহজনক গতিবিধির কারণে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলির ঝুঁকিও তৈরি হয়েছিল। তবে বিজিবির টহলদল তাঁদের দেখতে পেয়ে কোনো ধরনের বলপ্রয়োগ না করে দ্রুত নিরাপত্তা হেফাজতে নেয় এবং সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করে।
এ ছাড়া আটককৃত ব্যক্তিদের মধ্যে দুজনের বিষয়ে পৃথক মামলার তথ্য পাওয়া গেছে। তাঁদের একজন আলীকদম থানার একটি হত্যা মামলার সাক্ষী এবং অপরজনের বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি, তাঁদের সন্দেহজনক গতিবিধি, সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় চলাচলের জিপিএস ফুটপ্রিন্ট, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান সংরক্ষণ এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি বিবেচনায় অধিকতর তদন্তের স্বার্থে তাঁদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এমতাবস্থায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ট্র্যাকিং বা ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপদ পথ অনুসরণ, যাত্রার আগে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে তথ্য প্রদান, স্থানীয় অভিজ্ঞ গাইড সঙ্গে রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটক ও ট্র্যাকারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে পর্যটক ও ট্র্যাকারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা আন্তরিক ও সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে বন্যায় দুর্গম এলাকায় আটকে পড়া ট্র্যাকার ও পর্যটকদের উদ্ধারে বান্দরবান সেক্টরের বিজিবি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং তাঁদের নিরাপদে উদ্ধার করেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ভবিষ্যতেও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা অব্যাহত রাখবে।