এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়ি এলাকা ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে অন্তত: তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। ২৩ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি, চুরখাঁহাট ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে জাবেদ নামে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
স্থানীয় লোকজন জানান, গুলিতে ৩জন আহত হয়েছেন। তারা হলেন-মোঃ আবুল হাসেম, মামুন মিয়া এবং অন্যজনের নাম এখনো জানা যায়নি। স্থানীয় অধিবাসীরা আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানায়, গত বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীদের একটি গ্রুপ শোভনছড়ি এলাকার পাহাড় ও জঙ্গলের ভেতর অবস্থান করছিলো। পুলিশ বা স্থানীয় অধিবাসীরা তাদের অবস্থানের বিষয়টি টের পেয়ে গেলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
মূলত: জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুয়াবিল শোভনছড়ি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সিএনজি টেক্সি ও ২টি মোটরসাইকেল যোগে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে চুরখাঁহাট বাজারের দিকে অগ্রসর হয়। শোভনছড়ির বাসিন্দারা তাৎক্ষণিক ভাবে চুরখাঁহাট বাজারের ব্যবসায়ীদের বিষয়টি ফোনে জানিয়ে দুর্বৃত্তদের আটকানোর অনুরোধ করেন।
খবর পেয়ে চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীরা দুর্বৃত্তদের গতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা সেখানেও এলোপাতাড়ি গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে ৩জন আহত হন।
একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে সুয়াবিল বৈদ্যেরহাট বাজার এলাকা থেকে জাবেদ নামের একজনকে আটক করতে সক্ষম হয়।
তবে, বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে স্থানীয় সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জাবেদ নামে একজন আটক আছে। আমরা এখন পর্যন্ত আহত একজনের তথ্য পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে ও ওসি জানান দেন।