উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও হাসপাতালের ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এনেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম। তাঁর উদ্যোগে আল্ট্রাসনোগ্রাম, ডেন্টাল ইউনিট, কেবিন, প্রাথমিক চক্ষু পরীক্ষা ও আধুনিক প্যাথলজি সেবার কার্যক্রম চালু ও সম্প্রসারণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে জরুরি বিভাগ এবং রোগীসেবায় আনা হয়েছে শৃঙ্খলা।
২০২৪ সালের ২৪ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর সীমিত জনবল ও নানা সংকটের মধ্যেও তিনি হাসপাতালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি পর্যন্ত আল্ট্রাসনোগ্রাম করা হচ্ছে। প্যাথলজি বিভাগে আধুনিক সেল কাউন্টার মেশিন যুক্ত হওয়ায় পরীক্ষার গতি ও নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি হাসপাতালের রাজস্ব আয়ও আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া কথিত সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে হাসপাতালের এসব পরিবর্তন ও অনিয়ম বন্ধের উদ্যোগে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, এসব উদ্যোগে কিছু মধ্যস্বত্বভোগীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১৯৬৮ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটি ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনো প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। ফলে প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও কর্মচারী নিয়োগ দেওয়া গেলে সেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম বলেন, “জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সামর্থ্য ও জনবল নিয়েও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। মানুষের সেবা করা আমার নৈতিক দায়িত্ব। কিছু অনিয়ম বন্ধ করে হাসপাতালকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করায় একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারপরও হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, অপপ্রচার ও স্বার্থান্বেষী মহলের বাধা উপেক্ষা করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি হাসপাতালটি আরও আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।